Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6629

প্রকাশকাল: 3 Jan 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম।  স্যার, আমি একটা চুল কোম্পানিতে চাকরি করে সেখানে আমার কাজে কোন মহাজন কত কেজি চুল আনলো সেগুলো লেখা এবং পরবর্তীতে  সেগুলা শ্রমিকের মাধ্যমে প্রসেসিং বাই প্রসেসিং অনুযায়ী কাজে করে নেওয়া এবং কাজ শেষে খাতায় লিপিবদ্ধ করা। এখন উক্ত কাজে উপার্জিত অর্থ হালাল হিসাবে গণ্য হবে নাকি হারাম হিসাবে গণ্য হবে।

উত্তর

পরচৃলা ব্যবহার করা নারী-পুরুষ সকলের জন্য হারাম। সুতরাং এর সাথে সংশ্লিষ্ট যে কোন কাজ থেকে বিরত থাকা আবশ্যক। এই সংক্রান্ত কাজ করা বৈধ হবে না, এখানকার উপার্জনও হালাল হবে না। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন,

«جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ إِنَّ لِي ابْنَةً عُرَيِّسًا أَصَابَتْهَا حَصْبَةٌ فَتَمَرَّقَ شَعْرُهَا أَفَأَصِلُهُ، فَقَالَ: «لَعَنَ اللهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ»

“জনৈকা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার একটি সদ্য বিবাহিতা কন্যা আছে। হাম হওয়ার কারণে তার মাথার চুল পড়ে গেছে। আমি কি তাকে পরচুলা লাগিয়ে দেব? তিনি বললেন, ‘যে পরচুলা লাগিয়ে দেয় এবং যে লাগাতে চায় আল্লাহ তা‘আলা তাদেরকে অভিশাপ দিয়েছেন”। সহীহ মুসলিম, হাদীস নং ২১২২। জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,

«زَجَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَصِلَ الْمَرْأَةُ بِرَأْسِهَا شَيْئًا»

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মাথার চুলে কোনো কিছু সংযোজন করার ব্যাপারে ধমক দিয়েছেন” সহীহ মুসলিম, হাদীস নং ২১২৬। সুতরাং কোন মানুষের চুল নিয়ে কোন ব্যবসা করা যাবে না, এই ব্যবসার সাথে থাকা যাবে না।